‘ঈদের আনন্দ সবার অধিকার’
· Prothom Alo
ঈদের আনন্দ যেন শুধু উৎসবের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে পৌঁছে যায় প্রত্যেক মানুষের ঘরে—এই বিশ্বাসকে ধারণ করে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে সাতক্ষীরা বন্ধুসভা। এর অংশ হিসেবে ১২ মার্চ প্রথম ধাপে সদর উপজেলা পৌর এলাকার ১০টি পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেন বন্ধুরা।
দ্বিতীয় ধাপে ১৩ মার্চ ২৮ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ মোট ৬০ জন শিশুকে ঈদের নতুন পোশাক উপহার দেওয়া হয়। সাতক্ষীরা শহরের টাউন স্পোর্টিং ক্লাব মাঠসংলগ্ন স্থানে এগুলো বিতরণ করেন বন্ধুরা। পাশাপাশি চকলেট উপহার দিলে শিশুদের মুখে ফুটে ওঠে নির্মল আনন্দের হাসি। সনাতন ধর্মাবলম্বী একজন শিশুকেও নতুন পোশাক উপহার দেওয়া হয়।
Visit asg-reflektory.pl for more information.
বন্ধুসভার বন্ধু ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অর্থায়ন ও সহযোগিতায় এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ বিষয়ে সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। মানবিকতা, সম্প্রীতি ও ভালোবাসার এই ছোট্ট উদ্যোগ যেন সমাজে ছড়িয়ে দেয় একটাই বার্তা—উৎসবের আনন্দ সবার জন্য।’
কর্মসূচিতে বক্তব্য দেন সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, বাংলাদেশ কৃষি ব্যাংক সাতক্ষীরা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা কাজী মাসুদুল হক এবং প্রকৌশলী মাহমুদ হাসান। কল্যাণ ব্যানার্জি বলেন, ‘বন্ধুসভার শিক্ষা হলো সহমর্মিতা ও মানবিকতা। বন্ধুদের এই উদ্যোগ তরুণদের মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
ঈদের খাদ্যসামগ্রী উপহার দেনসহসভাপতি রুহুল আমিন বলেন, ‘ঈদ মানেই আনন্দ। আর সেই আনন্দ যদি শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে তা পূর্ণতা পায় না। আমরা চাই সমাজের প্রত্যেক মানুষ অন্তত ঈদের দিনটিতে একটু হাসুক, একটু স্বস্তি অনুভব করুক। সেই ভাবনা থেকেই বন্ধুসভার বন্ধুরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এই ছোট্ট উদ্যোগ নিয়েছে।’
উপহার গ্রহণ করা পরিবারের সদস্যদের চোখে-মুখে ছিল আনন্দের উচ্ছ্বাস। এক শিশু বলে, ‘ঈদের দিন আমরা বাড়ির সগ্গুলি মিলি বড়লোকদের মতো পোলোয়া ভাত আর গোসত খাতি পারবানে। আমার ভীষণ আনন্দ লেগদি। ঈদের দিন আপনারা সবাই আমাগের বাড়ি আসপেন। সগ্গুলি মিলে খাবানে।’
সহসভাপতি রাহাতুল ইসলাম জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা, সহসাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার, ও ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদীপ্ত দেবনাথ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শারমিন আক্তার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাশ্বত পার্থিব, কার্যনির্বাহী সদস্য গোলাম হোসেন, হোসেন আলী, বন্ধু ইসমাইল হোসেনসহ অন্যরা।
সাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা বন্ধুসভা