‘তারা পাগল হয়ে গেছে’—শিরোপা হাতছাড়া হওয়ার প্রতিক্রিয়ায় সেনেগালের খেলোয়াড়

· Prothom Alo

আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা কেড়ে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে সেনেগাল। গত মঙ্গলবার রাতে এক নাটকীয় সিদ্ধান্তে ফাইনালের দুই মাস পর সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ)। এ ঘটনার পর ফুটবল–দুনিয়ায় এখন রীতিমতো তোলপাড় চলছে। শিরোপা হাতছাড়া হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সেনেগালের খেলোয়াড়েরা।

Visit asg-reflektory.pl for more information.

গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত সেই ফাইনালে দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে স্বাগতিক মরক্কো পেনাল্টি পেলে প্রতিবাদ জানিয়ে সেনেগালের বেশ কয়েকজন খেলোয়াড় মাঠ ছেড়ে বেরিয়ে যান। পরে অধিনায়ক সাদিও মানের অনুরোধে তাঁরা মাঠে ফেরেন। তবে পেনাল্টি মিস করে মরক্কো। অতিরিক্ত সময়ে পাপে গেইয়ের গোলে ১-০ ব্যবধানে জেতে সেনেগাল।

কাফ জানায়, মরক্কোর আপিল পর্যালোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে সেনেগাল ম্যাচটি ‘পরিত্যাগ’ করেছে। ফলে ৩-০ গোলে মরক্কোর পক্ষে ফল নথিভুক্ত করা হয়েছে। আফকন বিধিমালার ৮২ ও ৮৪ ধারার ব্যাখ্যায় বলা হয়েছে, কোনো দল যদি ম্যাচ শেষ হওয়ার আগেই রেফারির অনুমতি ছাড়া মাঠ ছাড়ে, তবে সেটিকে পরাজিত ধরে নেওয়া হবে এবং প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে। এ ক্ষেত্রে ফল ৩-০ ধরা হবে।

সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা

মরক্কোর ফুটবল ফেডারেশন জানায়, তাদের আপিলের উদ্দেশ্য ‘পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা ছিল না। বরং তারা চেয়েছে, প্রতিযোগিতার নিয়ম যেন সঠিকভাবে প্রয়োগ করা হয়’।

অন্যদিকে সেনেগাল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এ সিদ্ধান্তকে ‘অন্যায়, নজিরবিহীন ও অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছে। তারা জানিয়েছে, শিগগিরই বিষয়টি নিয়ে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের (সিএএস) দ্বারস্থ হবে।

মরক্কো পেনাল্টি পাওয়ার পর নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান সেনেগালের সমর্থকেরা

শিরোপা হাতছাড়া হওয়ার পর সেনেগাল জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর ডিফেন্ডার মুসা নিয়াখাতে ট্রফি হাতে তুলে নেওয়ার ছবি পোস্ট করে লিখেছেন, ‘ওরা পাগল হয়ে গেছে।’ যা স্পষ্টতই কাফের উদ্দেশে বলা।

সান্ডারল্যান্ডের সেনেগালিজ মিডফিল্ডার হাবিব দিয়ারা ইনস্টাগ্রাম স্টোরিতে তিনটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি ট্রফি হাতে। পাশাপাশি তিনি ডাকারে সাত ঘণ্টার প্যারেডের একটি ভিডিও শেয়ার করেন। স্প্যানিশ ক্লাব রায়ো ভায়েকানোর হয়ে খেলা পাথে সিসও একইভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ট্রফি হাতে নিজের একটি ছবি পোস্ট করেছেন এবং সঙ্গে পাঁচটি হাসির ইমোজি ব্যবহার করেছেন।

মহানাটকীয়তার ফাইনালে জিতে আফ্রিকায় আবার চ্যাম্পিয়ন সেনেগাল

ফরাসি ক্লাব তুলুজে খেলা তরুণ সেনেগালিজ মিডফিল্ডার পাপে দেম্বা দিওপ বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমার মনে হচ্ছে যেন পাগলা গারদে আছি।’ সেনেগালের সাবেক কোচ আলিউ সিসে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এটা কী? এপ্রিল ফুলের মজা কি? আমি বিশ্বাস করতে পারছি না। এটা সত্য হতে পারে না।’

সেনেগালের আরেক সাবেক কোচ ক্লোদ লে রোয় ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’–এর এক অনুষ্ঠানে সমালোচনার তির ছুড়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো ও কাফ সভাপতি প্যাটট্রিক মৎসেপের দিকে, ‘আমি কখনো ভাবতেও পারিনি যে কাফ এতটা অযৌক্তিক পথে যাবে। তবে মৎসেপে যেভাবে কাফ চালাচ্ছেন, সেটি দেখলেই বোঝা যায়।’

ক্লোদ লে রোয় আরও যোগ করেন, ‘ভেতরে–ভেতরে মৎসেপে হলেন ইনফান্তিনোর দাস, যিনি শুরু থেকেই কাপটি মরক্কোর হাতে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তারা আফ্রিকা কাপ অফ নেশনসে অসাধারণ খেলা দেখিয়েছে এবং জেতার যোগ্য ছিল। কিন্তু ফাইনালে সেনেগাল ছিল তাদের চেয়ে শক্তিশালী।’

Read full story at source