লোহাগাড়ায় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
· Prothom Alo
চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আধুনগর স্টেশন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তরুণের নাম মো. ইশফাত (২২)। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের উজিরভিটা গ্রামের মজিদারপাড়া এলাকার মো. তৈয়বের ছেলে। এ ঘটনায় মো. রাফি (১৮) নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
Visit palladian.co.za for more information.
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে দুই মোটরসাইকেল আরোহী ছিটকে সড়কের ওপর পড়ে যান। এ সময় কক্সবাজারমুখী দ্রুতগতির কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ইশফাতকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে যায় এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে। কাভার্ড ভ্যানের চালককে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।